শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফুলতলা একতা যুব ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এক ব্যতিক্রমী ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ম্যাচে অবিবাহিত দলকে ২-১ গোলে হারিয়ে বিজয়ের মুকুট অর্জন করে বিবাহিত দল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবাইকে সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং এলাকার মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন। ব্যতিক্রমি এই খেলাটি উপভোগ করতে কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে আশেপাশের এলাকা থেকে প্রচুর দর্শক সমাগম ঘটে।
অনুষ্ঠানে শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে এবং সাবেক গ্রাম সরকার আবু সামার সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান লিটন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়নের সহকারী কোষাধ্যক্ষ শামীম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান।
পুরো ম্যাচটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শেরপুর উপজেলা বন্দর কমিটির সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন আলাল, শেরপুর উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক এস এম শাহাদাৎ হোসেন এবং ফুলতলা একতা যুব ক্লাবের প্রচার সম্পাদক মেহেদী হাসান সাগর।
এছাড়াও বরেন্য অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফুলতলা একতা যুব ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

