এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন – মো. বাবুল শেখ (২৪)। তিনি বগুড়ার ঝোপগাড়ি উত্তরপাড়ার মো. মোজাম শেখের ছেলে। অপরজন মো. মিনহাজ (২৩), তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার মো. বাদশা প্রামাণিকের ছেলে।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তার মো. বাবুল শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. মিনহাজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

