এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলী বেগম নারুলী নতুনপাড়া এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, লাভলী বেগম প্রায় ছয় থেকে সাত বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা বাড়িতে রেখেই তার চিকিৎসা চালিয়ে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান লাভলী। এরপর তিনি এলাকার বিভিন্ন দোকানের সামনে ঘোরাফেরা করেন এবং পান চান। একপর্যায়ে তাকে রেললাইনের পাশে মাটিতে গড়াগড়ি দিতে দেখা যায়।
পরে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন।
এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় লাভলী বেগম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
এসআই বাবলুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

