রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগস্ট মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি মাদক ও সাইবার অপরাধ দমন, দ্রুত গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও মানসম্মত তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আগস্ট মাসে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।
এ সময় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ সংশ্লিষ্ট জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

