ঢাকা প্রতিনিধি:
ঐতিহাসিক লালকুঠি (নর্থব্রুক হল)-এর সংস্কারকাজ পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি লালকুঠির সংস্কারকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, লালকুঠির সংস্কার পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও শহর পুনরুজ্জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইনার সার্কুলার রিং রোডের মতো আধুনিক যোগাযোগ অবকাঠামো এবং লালকুঠির মতো ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ—দুটিই ঢাকার টেকসই উন্নয়নের অংশ।
ডিএসসিসি সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘ডিসিএনইউপি’ প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১ জুন লালকুঠির মূল সংস্কারকাজ শুরু হয়। ২০২৬ সালের ৩১ মে সংস্কারকাজ শেষ হয়। ঐতিহাসিক ভবনটির মূল চুন-সুরকির গাঁথুনি ও লাল ইটের স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।
ভবিষ্যতে লালকুঠিকে সাহিত্যসভা, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঠচর্চার সমন্বিত কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট (Johannes Zutt), বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম (Jean Pesme)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

