এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ঋশাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি একজন শিক্ষার্থী ছিলেন। অপর নিহত মুজাহিদুল ইসলাম সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে তাঁদের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। কোনো যানবাহনের ধাক্কায় তাঁরা নিহত হয়েছেন, নাকি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে—তা তদন্তের পর জানা যাবে।
পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। দুর্ঘটনার সঙ্গে অন্য কোনো যানবাহন জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

