স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ফোকপাল এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ট্রাক হেলপার নিহত এবং ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা মেট্রো-ট-২৪-৭৫২০ নম্বরের বালুভর্তি একটি ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকা খুলনা মেট্রো-ট-১১-১৮৯৩ নম্বরের অপর একটি বালুভর্তি ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মোঃ ইনজামাম (২০) গুরুতর আহত হন। পরে বগুড়া নন্দীগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ও আহত ড্রাইভার মোঃ শামীম শেখ (৩৫)-কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত ড্রাইভার শামীম শেখ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইনজামামের পিতার নাম মোঃ ইজ্জত আলী, বাড়ি ঝিনাইদহ জেলার খড়াসোনি এলাকায়। আহত ড্রাইভার শামীম শেখের পিতা আরব আলী শেখ, বাড়ি ঝিনাইদহ জেলার খেদাপাড়া এলাকায়।
ঘটনার পর কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ রাউফুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

