https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশের নতুন অধ্যায়: আনুষ্ঠানিক যাত্রা শুরু স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের

admin
October 2, 2026 1:15 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১ অক্টোবর ২০২৬: সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে নতুন এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধন শেষে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তনশীল অপরাধের ধরন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রচলিত তদন্ত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ ইউনিট গঠন করা হয়েছে।

তিনি জানান, নতুন সাইবার পুলিশ ইউনিট একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে ইউনিটটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংগঠনিক কাঠামো অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা কার্যক্রম পরিচালনা করবেন। এ ছাড়া থানা পর্যায়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে সাইবার অপরাধসংক্রান্ত সেবা ও তদন্তের জন্য পৃথক উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং কনস্টেবল পদায়ন করা হবে।

অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী, ইউনিটটির মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯২ জন। বিদ্যমান পুলিশ বাহিনীর অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে এ জনবল পূরণ করা হবে।

সাইবার অপরাধ তদন্তে বিশেষজ্ঞ নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে ইউনিটটিতে চুক্তিভিত্তিক ও বিশেষজ্ঞ নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য সিস্টেম বিশ্লেষক, আর্থিক তথ্য বিশ্লেষক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নেটওয়ার্ক প্রশাসক, ডার্ক ওয়েব বিশ্লেষক, ক্রিপ্টো বিশ্লেষক, ম্যালওয়্যার বিশ্লেষক, সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী তথ্য পুনরুদ্ধার বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, এসব বিশেষজ্ঞের জন্য পৃথক বেতন কাঠামো থাকবে। পাশাপাশি পুলিশের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এ ইউনিটে পদায়ন করা হবে। দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেশে-বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। কাজের অবদানের ভিত্তিতে কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বিশেষ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থা গড়ে তুলতে সাইবার পুলিশ ইউনিটের অধীনে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানি লন্ডারিং, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ, গুজব, আর্থিক অপরাধ, মাদক ও উগ্রবাদসংক্রান্ত অপরাধ তদন্তে আধুনিক ডিজিটাল ও ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে পুলিশের বিভিন্ন ইউনিটে বিচ্ছিন্নভাবে পরিচালিত সাইবার অপরাধের তদন্তে সমন্বয়হীনতা ছিল। নতুন ইউনিটের মাধ্যমে এসব কার্যক্রম একটি সুসংগঠিত কাঠামোর আওতায় পরিচালিত হবে। এর ফলে সাইবার অপরাধ প্রতিরোধ ও তদন্তে সমন্বিত সক্ষমতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।