দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মাননা দেন।
১৯৫০ সাল থেকে চলে আসা ঐতিহ্যের ধারাবাহিকতায় ভারত ও নেপাল একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে।
চার দিনের সফরে নেপালে থাকা জেনারেল শেঠ নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এছাড়া তিনি নেপাল সেনা সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।
ভারতীয় দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এই সফর দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সেনাবাহিনী-টু-সেনাবাহিনী সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।

