দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।
নিউইয়র্ক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কবে যাবেন এবং কার কার সঙ্গে বৈঠক করবেন—এসব বিষয়ে যথাসময়ে জানানো হবে। কোনো বিষয়ই গোপন রাখা হবে না।
এদিকে দ্বিপক্ষীয়ভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দিল্লির সঙ্গে ঢাকা নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায়।
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সীমান্তে বেসামরিক মানুষের হত্যা ও তাদের নিরাপত্তার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হচ্ছে।

