দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: আধুনিক অপরাধ তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, ফরেনসিক আলামত শনাক্তকরণ ও বিশ্লেষণ এবং আদালতে ফরেনসিক প্রমাণ উপস্থাপনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পিবিআই হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ‘Application of Forensic Science in Criminal Investigations: From Crime Scene to the Courtroom’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল (বিপিএম-সেবা)।
প্রশিক্ষণটির সার্বিক আয়োজন ও সমন্বয়ে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি (আইএফএসসিএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, পিএইচডি। তিনি বলেন, ফরেনসিক বিজ্ঞানে বিশ্ব অনেক দূর এগিয়েছে। বাংলাদেশেও এ খাতকে এগিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি চালু করা হয়েছে।
তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে যারা প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করবেন, তারা অপরাধ তদন্তসহ বিভিন্ন সাইবার নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। প্রথাগত তাত্ত্বিক কারিকুলামের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় বেশি গুরুত্ব দিয়ে মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, বাংলাদেশের অপরাধ তদন্তকে আরও বিজ্ঞানভিত্তিক করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পিবিআই, পুলিশ স্টাফ কলেজ ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল বলেন, পিবিআই একটি বিশেষায়িত তদন্ত সংস্থা হলেও তদন্তে বৈজ্ঞানিক ও ফরেনসিক পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। পিবিআইয়ে ফরেনসিক বিষয়ে কাজ করা কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণ তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করবে।
সমসাময়িক ও সময়োপযোগী এ প্রশিক্ষণ আয়োজনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পিবিআই প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিবিআই হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সামিরা সুলতানা (ট্রেনিং ও ফরেনসিক)।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে অপরাধস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ, বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতি, ফরেনসিক বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রয়োগ, তদন্তে প্রযুক্তির ব্যবহার এবং আদালতে ফরেনসিক প্রমাণের গ্রহণযোগ্যতা ও উপস্থাপনাসহ অপরাধ তদন্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

