দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্তির লক্ষ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চলমান, অননুমোদিত ও নতুন প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তারা অংশ নেন।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যয় করাই মূল উদ্দেশ্য হতে পারে না। প্রতিটি প্রকল্প অর্থনীতি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জনগণের কল্যাণে কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার করতে হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু বরাদ্দ ও ব্যয়ের পরিমাণ বিবেচনা করলে হবে না। প্রকল্পের প্রত্যাশিত ফলাফল, বাস্তবায়নযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি প্রভাবও মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের সুফল যেন জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর চলমান, অননুমোদিত ও নতুন প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, প্রয়োজনীয়তা, সম্ভাব্য ফলাফল ও বাস্তবায়নসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়।

