শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য গণমিছিলটি বের করা হয়।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা বহন করেন এবং ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক। সেই চেতনাকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—এই প্রত্যয়কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক, জনকল্যাণমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সমাবেশ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

