নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অনলাইন জুয়া খেলা, বেটিং পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে আপন দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। আটক দুজনের মধ্যে একজন ১৬ বছর বয়সী শিশু। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে, অর্থাৎ শুক্রবার (৯ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে, লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার অমরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অমরপুর গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন (২২) এবং তার ১৬ বছর বয়সী ছোট ভাইকে আটক করা হয়। পুলিশের দাবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারণা এবং অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজে ব্যবহারের অভিযোগে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরে শুক্রবার (৯ অক্টোবর) আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

