
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে স্তন ক্যানসার (ব্রেস্ট ক্যানসার) বিষয়ে সচেতনতামূলক আলোচনা, স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের স্তন ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে দেওয়া একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল কলেজের নারী শিক্ষার্থীদের জন্য স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা চিকিৎসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, সম্ভাব্য ঝুঁকি, প্রতিরোধের উপায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে তাঁদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
এ ছাড়া বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আমিনুর রহমান হীরা, বগুড়া জেলা বিএমএর সদস্যসচিব অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া কেন্দ্রের পরিচালক মো. আনিসুল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, স্তন ক্যানসার দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজে ক্যানসার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, নারীর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার সম্মিলিত প্রয়াস হিসেবে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 

















