শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ মধ্যপাড়া গ্রামে পানিতে ডুবে সিয়াম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম স্থানীয় দড়িমুকুন্দ মধ্যপাড়া গ্রামের মো. জনির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল সিয়াম। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে ডোবার পানিতে সিয়ামকে ভাসমান অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দড়িমুকুন্দ এলাকার বাসিন্দাদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

