এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কুন্দারহাট এলাকায় মালবাহী ট্রাক ও একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত চালকের নাম আব্দুস সালাম (৩৫)। তিনি রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি কুরিয়ার সেবা প্রতিষ্ঠান স্টেডফাস্ট-এর একটি কাভার্ডভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাটোরগামী স্টেডফাস্টের কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানে থাকা বিভিন্ন কুরিয়ার পণ্য মহাসড়কে ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সংশ্লিষ্টদের দাবি, মহাসড়কে নিরাপদ গতিতে যান চলাচল এবং চালকদের অধিক সতর্কতা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

