ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর একটি জিপ দুর্ঘটনায় তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ৩১ আগস্ট রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কুইক রেসপন্স ফোর্স (QRF)-এর দায়িত্ব পালনের সময় বিমান বাহিনীর সাত সদস্যকে বহনকারী জিপটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিএমএইচে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত অপর চার সদস্য সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় নিহত তিন সদস্যের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হয়।
জানাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সাবেক বিমান বাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিহতদের পরিবারের সদস্য এবং বিমান বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিমান বাহিনীর প্রতিনিধিদল সামরিক মর্যাদায় তাঁদের দাফন কার্যক্রম সম্পন্ন করবে।
বিমান বাহিনীর পক্ষ থেকে নিহত সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আইনশৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন।

