https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা নজরদারি ও প্রস্তুতি জোরদারের আহ্বান

admin
September 8, 2026 9:39 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ, টিকাদান ও জনস্বাস্থ্য প্রস্তুতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দীর্ঘদিনের নজরদারি ও গবেষণা থেকে পাওয়া তথ্যকে কার্যকর নীতি ও জনস্বাস্থ্য কার্যক্রমে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) আয়োজিত ‘বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা নজরদারি’ বিষয়ক সেমিনারে এসব কথা বলা হয়। সেমিনারে সরকারি কর্মকর্তা, গবেষক, চিকিৎসক ও দেশি-বিদেশি উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। তিনি বলেন, নজরদারি ও গবেষণা থেকে পাওয়া তথ্যকে কার্যকর নীতি এবং জনস্বাস্থ্য কার্যক্রমে রূপ দিতে হবে। পাশাপাশি নজরদারি ও গবেষণা জোরদার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। তিনি বিদ্যমান ইনফ্লুয়েঞ্জা নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জাতীয় টিকাদানের অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জাকির হোসাইন হাবিব ইনফ্লুয়েঞ্জা মৌসুমে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শ্বাসতন্ত্রের সংক্রমণের বড় একটি অংশ ভাইরাসজনিত হওয়ায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে।

সেমিনারে জানানো হয়, আইইডিসিআরের দীর্ঘমেয়াদি ইনফ্লুয়েঞ্জা নজরদারি কার্যক্রমে ২০০৭ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ লাখ ৭২ হাজার ৭৯২ জন রোগী অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজার ২৮৪ জনের শরীরে পরীক্ষাগারে ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছে, যা মোট রোগীর প্রায় ১৩ শতাংশ।
বৈজ্ঞানিক উপস্থাপনায় আইইডিসিআরের সহযোগী অধ্যাপক ডা. মোনালিসা এবং আইসিডিডিআর,বির সহযোগী বিজ্ঞানী ডা. ফাহমিদা চৌধুরী বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ, মৃত্যুঝুঁকি, মৌসুমি প্রবণতা, সংক্রমণকারী ভাইরাস এবং অধিক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

দীর্ঘমেয়াদি নজরদারির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়তে থাকে এবং জুন-জুলাইয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ কারণে পাঁচ বছরের কম বয়সী শিশু, ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, গর্ভবতী নারী, বিভিন্ন সহ-রোগে আক্রান্ত ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের সময়মতো টিকাদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে প্রতিবছর ফেব্রুয়ারি-মার্চে ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার উপযুক্ত সময় হতে পারে বলেও সেমিনারে জানানো হয়।

নজরদারি কার্যক্রমের মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ(এইচ৫এন১) সংক্রমণ শনাক্ত করা এবং নতুন ধরনের শ্বাসতন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইইডিসিআর।
সেমিনারে বছরজুড়ে শ্বাসতন্ত্রের রোগের নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি, শ্বাসতন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা, অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার, সময়মতো টিকাদান, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত ফলোআপ এবং মানব, প্রাণী ও পরিবেশ—এই তিন খাতের সমন্বিত ‘ওয়ান হেলথ’ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ), জাতীয় ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারসহ (এনআইএলএমআরসি) সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিডিডিআর,বি এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, প্রায় দুই দশকের নজরদারি থেকে বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পাওয়া গেছে। এখন এসব তথ্যকে সময়োপযোগী প্রতিরোধ, টিকাদান, প্রস্তুতি ও জনস্বাস্থ্য কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগানোই প্রধান অগ্রাধিকার।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।