এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মাদকমুক্ত, সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে সদর উপজেলার নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় ২ নম্বর ওয়ার্ডের নুনগোলা-দশটিকা দল এবং ৪ নম্বর ওয়ার্ডের বারপুর দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি।
আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদকাসক্তি এবং বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলাবোধ এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক।
তারা আরও আশা প্রকাশ করেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার চর্চা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সচেতন, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

