ঢাকা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, কৃষি উৎপাদন, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর কার্যালয় থেকে হেঁটে কৃষি মন্ত্রণালয়ে যান। সেখানে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। প্রায় সোয়া দুই ঘণ্টা পর বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি কৃষি মন্ত্রণালয় থেকে বের হয়ে নিজের কার্যালয়ের দিকে হেঁটে ফিরে যান।
বৈঠকে কৃষি ও খাদ্যপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। দেশে উৎপাদনের সুযোগ রয়েছে—এমন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি গবেষণা, উন্নত জাত উদ্ভাবন, কৃষিযান্ত্রিকীকরণ, সেচব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া কৃষকের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া, কৃষক কার্ড কর্মসূচি, কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন, সৌরসেচ, খাল খনন এবং কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের কৃষি খাতকে আরও উৎপাদনশীল, আধুনিক ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্র: বাসস

