দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার): চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনকালে সংঘটিত দুর্ঘটনায় শহিদ দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এ সময় তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় শহিদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর বেদনা ও বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং দুর্ঘটনায় প্রাণ হারানো সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি শহিদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের পরিবারের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় সংঘটিত দুর্ঘটনায় দুই সেনাসদস্য শহিদ হন। দুর্ঘটনার পর তাঁদের পরিবারের প্রতি বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়।

