দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার ৫ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।
সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা উন্নয়ন, সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনগত সহযোগিতা।
এ ছাড়া সন্ত্রাসবাদ, মানবপাচার, ভুক্তভোগী সুরক্ষা এবং জেন্ডার-সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে আরও সক্ষম করে তুলতে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে টেকসই সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

