এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ২৫ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত ৪২০ সদস্যবিশিষ্ট কমিটিতে আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য পদে ৬২ জন স্থান পেয়েছেন।
এই পূর্ণাঙ্গ কমিটিতে বগুড়ার ধুনট উপজেলার দুই শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। চবি ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আকিজ মাহমুদ হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক, আর দর্শন বিভাগের শিক্ষার্থী টিএম জান্নাতুল নাঈম হয়েছেন সহ-সাংগঠনিক সম্পাদক।
আকিজ মাহমুদ ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে জান্নাতুল নাঈম চৌকিবাড়ি ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের মৃত ফেরদৌস তালুকদারের ছেলে।
জানা গেছে, আকিজ মাহমুদ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দলের সংকটময় সময়ে মিছিল-মিটিংসহ সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জান্নাতুল নাঈমও দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন।
এ দুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত নেতৃত্বে স্থান পাওয়ায় ধুনটের স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই দুই তরুণ নেতা সংগঠনের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন।

