দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় এবং তাদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়ন সফর করেন। এ সময় রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য তিনি আন্তরিক সাধুবাদ জানান।
এ সময় সেনাসদস্যদের ভবিষ্যতেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাপ্রধান।
সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

