দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকায় জাতীয় ও মাঠপর্যায়ের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও প্রস্তুতি জোরদারে দুই দিনব্যাপী টেবিল-টপ এক্সারসাইজ (TTX) অনুষ্ঠিত হয়েছে।
১৩ ও ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (IEDCR) সম্মেলন কক্ষে এ অনুশীলনের আয়োজন করা হয়। আইইডিসিআরের চলমান জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি প্রস্তুতি ও মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে কারিগরি সহায়তা দেয় আইসিডিডিআর,বি ও ইউএস সিডিসি।
অনুশীলনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (CDC) শাখা, আইইডিসিআর, ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম-বাংলাদেশ (FETP-B) এবং মাঠপর্যায়ের ডিস্ট্রিক্ট র্যাপিড রেসপন্স টিম (DRRT) ও উপজেলা র্যাপিড রেসপন্স টিমের (URRT) প্রতিনিধিরা অংশ নেন।
অনুশীলনের প্রধান উদ্দেশ্য ছিল প্রাদুর্ভাবের সময় জাতীয় জনস্বাস্থ্য জরুরি কার্যক্রম পরিচালনা কেন্দ্র (PHEOC) থেকে মাঠপর্যায়ে তথ্য প্রবাহ ও সমন্বয়ের কার্যকারিতা যাচাই করা, জাতীয় ও মাঠপর্যায়ের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা এবং স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণ ও ঝুঁকি যোগাযোগের সক্ষমতা মূল্যায়ন করা।
দুই দিনের কর্মসূচিতে PHEOC ও টেবিল-টপ এক্সারসাইজের পদ্ধতি সম্পর্কে ধারণা, বিভিন্ন পরিস্থিতিনির্ভর মডিউল, দলীয় আলোচনা এবং পরবর্তী মূল্যায়ন (After-Action Review) অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিদ্যমান সক্ষমতা, ঘাটতি ও উন্নয়নের সুযোগগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধন ও সার্বিক তত্ত্বাবধান করেন আইইডিসিআরের পরিচালক ডা. কোয়াজী আহমেদ জাকী। কারিগরি সেশন পরিচালনা করেন আইইডিসিআরের বিশেষজ্ঞ ও ন্যাশনাল র্যাপিড রেসপন্স টিমের (NRRT) সদস্য ডা. মোহাম্মদ রাশেদুল হাসান, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. কিয়াও থোয়াই প্রু প্রিন্স, ডা. ফয়জুল ইসলাম ও ডা. আবির শাকরান মাহমুদ।
আয়োজকরা জানান, জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে জাতীয় থেকে মাঠপর্যায়ে দ্রুত তথ্য আদান-প্রদান, কার্যকর সমন্বয়, তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং যথাযথ ঝুঁকি যোগাযোগ নিশ্চিত করাই এ ধরনের অনুশীলনের অন্যতম লক্ষ্য।
জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি স্তরের মধ্যে কার্যকর সংযোগ ও প্রস্তুতি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।

