দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নেপালে শুটিং করতে গিয়ে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল ‘শিকার’ সিনেমার টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে গিয়েছিলেন। পাহাড়ি পরিবেশে শুটিং চলাকালে হঠাৎ আবহাওয়ার অবনতি হলে কঠিন পরিস্থিতির মুখে পড়ে পুরো টিম।
অতিবৃষ্টিতে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে তলিয়ে যায়, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি বিবেচনায় দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, পুরো টিম নিরাপদে থাকলেও সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা কিছুটা চ্যালেঞ্জিং ছিল।
অপু বিশ্বাস বলেন, নেপালে অবস্থানকালে তারা বড় ধরনের কোনো সমস্যার মুখে পড়েননি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি।
এদিকে একই দুর্যোগের কারণে এখনো নেপালে অবস্থান করছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশে ফেরার নির্ধারিত পথ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।
তবে তাসরিফ জানিয়েছেন, তিনি ও তার সঙ্গে থাকা বন্ধুরা নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

