শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাবু থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী, তাঁর দোকানের কর্মচারী এবং বাড়ির মালিকসহ পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
একই সময় ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে ৫ লাখ টাকা ও একটি সোনার চেইন নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শেরপুর পৌর শহরের টাউনকলোনী তিনমাথা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী বাবু ও বাড়ির মালিক অধ্যাপক আবু আলম। ব্যবসায়ী বাবু উপজেলার বনমরিচা এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী বাবু জানান, তিনি দীর্ঘদিন ধরে শেরপুর পৌর শহরের টাউনকলোনী এলাকায় শেরপুর কলেজের শিক্ষক আলম প্রফেসরের একটি দোকানঘর ভাড়া নিয়ে থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা পরিচালনা করে আসছেন।
তাঁর অভিযোগ, সোমবার সকাল সোয়া ১০টার দিকে টাউনকলোনী এলাকার আব্দুল কাদেরের ছেলে জিকু ও তাঁর সহযোগী সোহাগ দোকানে এসে তাঁর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা হামলা চালান।
এ সময় বাধা দিতে গেলে দোকানের কর্মচারী, বাড়ির মালিক অধ্যাপক আবু আলম, তাঁর স্ত্রী ও ছেলেকেও মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে ৫ লাখ টাকা ও একটি সোনার চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিরা জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

