শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল আলম চায়না গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত খায়রুল আলম চায়না সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মো. সাইফুল বারী ডাবলুর ছোট ভাই।
প্রত্যক্ষদর্শী সানোয়ারুল ইসলাম জানান, খায়রুল আলম মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
আহত খায়রুল আলম চায়নার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

