এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ ও উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে বগুড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন সড়ক জোনের যাত্রা শুরু হয়েছে। এর ফলে বগুড়াসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য সংশ্লিষ্টদের আর নিয়মিত রংপুরে যেতে হবে না।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়ায় সওজের নতুন সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।
সওজ সূত্রে জানা গেছে, নতুন এই সড়ক জোনের আওতায় থাকবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা। এসব জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নির্মাণ, উন্নয়ন, প্রশস্তকরণ, সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণসহ সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম বগুড়া থেকেই সমন্বয় করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এতদিন এসব জেলার সড়ক-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি কাজে রংপুরের ওপর নির্ভর করতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। বগুড়ায় সড়ক জোন চালু হওয়ায় সিদ্ধান্ত গ্রহণ ও মাঠপর্যায়ের কাজের মধ্যে সমন্বয় আরও সহজ হবে। পাশাপাশি জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত নেওয়ার সুযোগ তৈরি হবে।
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডোর হিসেবে বগুড়ার অবস্থানও নতুন সড়ক জোন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে। এই অঞ্চলের মহাসড়কগুলো দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ফলে সড়কের রক্ষণাবেক্ষণ, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া গেলে জনদুর্ভোগ কমার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে বগুড়া সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।
নতুন সড়ক জোনের কার্যক্রম পুরোপুরি চালু হলে পাঁচ জেলার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও ব্যবস্থাপনায় গতি আসবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

