এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বগুড়া শহরের রেলস্টেশন ও সেউজগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – ফাইয়াজ আলম (২৬), পিতা মৃত শহিদ আলম, বাসিন্দা কলোনী; শামীম হোসেন (৩৫), পিতা শফি প্রামাণিক, বাসিন্দা আফ্যাতপাড়া, চাটমোহর, পাবনা; এবং রাজু (২১), পিতা আহসান মণ্ডল, বাসিন্দা নাটাইপাড়া, বগুড়া।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

