দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান ও জার্মান রাষ্ট্রদূত পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা বাংলাদেশ ও জার্মানির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধন আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাৎটি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

