দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাঁওয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা দেয়। পথে কর্ণফুলী ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ, তাদের ফুফা ফেরদৌস আলম ফিরোজ এবং মাইক্রোবাসের চালক মুন্না।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

