দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো, সৎ ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, “আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।”
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তথ্যমন্ত্রী বলেন, “কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আনতে হয়, তাহলে ভালো মানুষের নেতৃত্বে আসতে হবে।”
তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে এক ধরনের অনাস্থাও তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন।
আন্দালিব রহমান পার্থ বলেন, রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার তৈরি করা সম্ভব নয়, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা কঠিন।
বরিশালের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ফুটবল থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও বরিশালের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে বাংলাদেশের স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। এ জন্য বরিশালসহ আশপাশের বিভিন্ন নির্বাচনী এলাকা ও জেলা থেকে মেধাবী ও যোগ্য তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি রাজনীতিতে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে কোনো উন্নয়নই দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এটি শুধু বরিশালের সমস্যা নয়; সারা দেশেই নেতৃত্বের এই সংকট রয়েছে।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তবে এখন দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন নিশ্চিত করতে ভালো ও যোগ্য মানুষকে নেতৃত্বে আসতে হবে।
বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ তৈরি করতে হবে। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশ নিতে পারেন।
তিনি আরও বলেন, “আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই এ বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।”
বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, ভবিষ্যতেও এ অঞ্চল থেকে যোগ্য ও ভালো নেতৃত্ব সামনে আসতে হবে।
তিনি বলেন, তরুণরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সফটওয়্যার প্রকৌশলী হওয়া কিংবা বিদেশে যাওয়ার পাশাপাশি দেশের মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন, সেটিই দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।

