ঢাকা প্রতিনিধি:
তরুণ সাংবাদিকদের মধ্যে সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক বিনোদনচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট ২০২৬) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ডরুমে অনুষ্ঠিত ‘সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ গঠন বিষয়ক (তরুণ সাংবাদিকদের নিয়মিত সুস্থ সংস্কৃতি ও বিনোদনচর্চা)’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ও আলোচকরা সুস্থ সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা তরুণ সাংবাদিকদের মানসিক বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ইতিবাচক সাংস্কৃতিক চর্চা সাংবাদিকদের সৃজনশীলতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতেও সহায়ক।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক বিনোদনচর্চা কেবল ব্যক্তিগত বিকাশের জন্য নয়, বরং একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। এ ধরনের আয়োজন তরুণ সাংবাদিকদের পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

