দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) বিকেলে বাবুনগর মাদরাসা আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, হেফাজত আমিরের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর দোয়া নেওয়াই এ সফরের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, “দেশ পরিচালনার দায়িত্ব শুধু আমাদের একার নয়, আপনাদেরও পরামর্শ ও দোয়া আমাদের প্রয়োজন।” বর্তমান সরকার পরিচালনায় হেফাজতে ইসলাম সরাসরি যুক্ত না থাকলেও সংগঠনটিকে বড় সহযোগী হিসেবে উল্লেখ করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের মাথা দেশ ছেড়ে পালিয়েছে সত্য, তবে তাদের অনেক কিছু এখনো রয়ে গেছে। গত জাতীয় নির্বাচনে হেফাজত আমিরের নির্দেশে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
তারেক রহমান বলেন, “আসুন, আমরা সবাই মিলে এমনভাবে কাজ করি, যার বিনিময়ে দেশের সাধারণ মানুষ ভালো থাকতে পারে। আমরা চাই, দেশটা সম্মানের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাক।”
নিজের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি যে ওয়াদা করেছিলাম, সেটি রক্ষা করতেই আজ আপনাদের মাঝে এসেছি।” মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তিনি হেফাজত আমিরের দোয়া চান।
এর আগে প্রধানমন্ত্রী বাবুনগর মাদরাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

