মিন্টু ইসলাম:
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বগুড়ার শেরপুরে। বিশ্বকাপ ফুটবলের আনন্দে শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্র শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের রঙিন পতাকা। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে যেন নতুন রূপ ধারণ করেছে পুরো এলাকা।
বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো শেরপুরের মানুষও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন নানা আয়োজনে। শেরপুর শহরের বাড়ির ছাদ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কের পাশে এবং বিভিন্ন মোড়ে টানানো হয়েছে সমর্থিত দলের পতাকা। কোথাও কোথাও নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির পতাকা ও ব্যানার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপের খেলা উপভোগ করতে অনেকেই নতুন টেলিভিশন কিনছেন এবং বন্ধু-স্বজনদের নিয়ে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন। চায়ের দোকান, বাজার ও বিভিন্ন আড্ডাস্থলে এখন ফুটবল নিয়েই চলছে তুমুল আলোচনা।
সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বগুড়ার শেরপুরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ফুটবলপ্রেমীদের উন্মাদনা ও প্রিয় দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশে পুরো উপজেলা এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়েছে।


