
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবীব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ই নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার নসিপুর কদমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব গাবতলীর কোলারবাড়ি এলাকার গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে। এসময় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়া হতে আসা প্রাইভেটকার (যার রেজিষ্ট্রেশন নং-ঢাকা-মেট্রো -গ-২১-৬১০২) এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আহসান হাবীব মারা যান। ঘটনার পর পরই প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Reporter Name 





















