এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) গাবতলী উপজেলার দুর্গাহাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বৃক্ষরোপণ শেষে দেশ, জাতির সমৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া-মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

