এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের একটি মুদিখানা দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. সোহাগ (২৮) এবং গোসাইবাড়ী (গুচ্ছগ্রাম) গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে মো. হান্নান মন্ডল (২৬)।
পুলিশের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধেরুয়াহাটি গ্রামের মো. মানিক শেখের মুদিখানা দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহাগ ও হান্নান মন্ডলকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি চালিয়ে ৪০ পিচ কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। মামলার নথি অনুযায়ী, উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন ৩ গ্রাম। একই সময় মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে উল্লেখ করা ৯৫০ টাকা জব্দ করে পুলিশ।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৫, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। মামলাটির জি.আর. নম্বর ১৮৩।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
এদিকে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে বুধবার সকালে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

