এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে রাকিবুল হাসান বকুল (৩৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নিশিন্দারা এলাকার ঝোপগাড়ী অলির বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান বকুল নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধারালো দেশীয় অস্ত্র ‘হাসুয়া’ দিয়ে রাকিবুলের গলায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর নিহতের শ্বশুর সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন ও তাঁর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের দাবি, নিহত রাকিবুল হাসান বকুলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে।
এদিকে ঘটনার পর থেকে নিহতের শ্বশুর পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

