শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার আন্ডারপাস ব্রিজের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্ডারপাসের চারপাশের চারটি স্থানে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী গাছ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আন্ডারপাসের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। দোকানপাট সরিয়ে সেখানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ায় চলাচলে স্বস্তি ফেরার পাশাপাশি এলাকার পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।
তবে দোকানপাট উচ্ছেদের ফলে কাঁচামাল, চা ও খাবার বিক্রির সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকা হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আন্ডারপাস এলাকায় অবৈধভাবে কোনো দোকান বসতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাঁদের দোকানপাট সরিয়ে নিয়েছেন।
ছোনকা বণিক সমিতির সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা সৌন্দর্যবর্ধনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিকল্প ব্যবসার সুযোগ করে দিতে স্থানীয় সংসদ সদস্যের কাছে সুপারিশ করা হবে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

