মিন্টু ইসলাম:
গতকাল রবিবার ১২ জুলাই বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর এলাকায় বর্ষার অতিরিক্ত পানির প্রবল স্রোতে ফসলি জমিতে ভাঙনের ঘটনা পরিদর্শন করেছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান, শেরপুর থানা পুলিশের সদস্য, আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে ইউএনও জানতে পারেন, প্রতি বর্ষা মৌসুমেই অতিরিক্ত পানির প্রবাহে ওই এলাকায় ফসলি জমিতে ভাঙনের সৃষ্টি হয়। এ সমস্যা থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে বিদ্যমান পাকা ড্রেনটি সম্প্রসারণের দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু উপজেলা পরিষদ ও এলজিইডির (LGED) প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়া, চলমান ভাঙন দ্রুত নিয়ন্ত্রণে আনতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ সরবরাহের বিষয়েও আলোচনা করেন ইউএনও। স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ফসলি জমি রক্ষা পাবে এবং দীর্ঘদিনের ভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে।

