এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সঞ্চালনা করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সেরাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী ও সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে এমপি রেজাউল করিম বাদশা বলেন, দেশের নগর উন্নয়ন, আবাসন ব্যবস্থা, সরকারি অবকাঠামো নির্মাণ এবং গণপূর্ত-সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় বগুড়ার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার একটি নতুন সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চান। বিশেষ করে বগুড়া সিটি কর্পোরেশনের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা এবং সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
বক্তারা আশা প্রকাশ করেন, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে রেজাউল করিম বাদশা বগুড়ার নগর উন্নয়ন, অবকাঠামো এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

