এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সান্তাহারে চলন্ত ট্রেন থেকে পড়ে সিরাজুল ইসলাম (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনের তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনের তারাপুর এলাকা অতিক্রম করার সময় কোনো এক পর্যায়ে সিরাজুল ইসলাম চলন্ত ট্রেনের দরজা দিয়ে নিচে পড়ে যান। পরে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি ট্রেন থেকে পড়ে গেলেন, তা নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

