শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে রাতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যাওয়ায় মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত ছিলেন। রোববার তাঁর ছুটির দিন ছিল বলে পরিবারের সদস্য ও সহকর্মীরা জানান।
প্রত্যক্ষদর্শী মো. পারভেজ আহম্মেদ জানান, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দেয়। এরপর পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহের অবস্থা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত রাজুর ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহম্মেদ বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীরগতির হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

