এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে ফুটবল। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং শেখেরকোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব শাহ আলম জনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান দুলাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল-আমিন পেস্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণই তাদের মূল লক্ষ্য।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

