ঢাকা প্রতিনিধি:
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ এক্সপোর উদ্বোধন করেন তিনি।
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করা, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের আধুনিক প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং এ খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে বিজয়ীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি। এর আগে সৌরবিদ্যুৎ ব্যবস্থার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এক্সপোর বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করা উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন দেশের সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

